গেল বছর নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। শুধু মুশফিকই নন, নিজের বিশেষ ম্যাচে ভালো পারফরম্যান্স করতে চান যেকোনো ক্রিকেটারই। লিটন দাসও হয়ত চান, কিন্তু ভালো কিছু করা সম্ভব হয় না। কোনো বিশেষ ম্যাচে মাঠে নামলেও যাচ্ছে-তাই পারফরম্যান্স থাকে এই ডানহাতি ব্যাটারের।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিজের শততম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বাংলাদেশের হয়ে খেলতে নামেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কিন্তু ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ১১ বল থেকে মাত্র ৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এদিকে গেল বছরের জুনে টেস্টে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে যথাক্রমে ৩৪ এবং ১৪ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু ম্যাচটা বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। মাইলফলকের ম্যাচে মলিন হয়ে গিয়েছিল লিটনের স্মৃতি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডেতে ৫০তম ম্যাচ খেলেছিলেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে দলের সর্বোচ্চ ৮৬ রান করেছিলেন এই ব্যাটার। কিন্তু বাকিদের ব্যাটিং ব্যর্থতায় সেই ম্যাচে টাইগাররা ৫৯ বল আগেই সাত উইকেটে ম্যাচ হেরেছিল।
টি-টোয়েন্টিতে ২০২২ সালের জুলাইতে ‘ম্যাচের ফিফটি’ করেছিলেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছিল কেবল ৫ রান। দল হেরেছিল ৩৫ রানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন লিটন। গত বছর পাকিস্তানের বিপক্ষে ৯ বলে মাত্র ৬ রান করে আউট হয়েছিলেন টাইগার অধিনায়ক। সেই ম্যাচে ৭৫ রানে হেরেছিল বাংলাদেশ।
পারফরম্যান্স খারাপ হলেও নিজের শততম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। লিটনের আগে মাত্র ৩ জন বাংলাদেশি ক্রিকেটার শততম ওয়ানডেতে জয়ের মুখ দেখেছেন৷ সেই ৩ জন হলেন মোহাম্মদ রফিক (২০০৬ সাল বনাম কেনিয়া), হাবিবুল বাশার (২০০৭ সাল বনাম কানাডা) এবং সাকিব আল হাসান (২০১০ সাল বনাম জিম্বাবুয়ে)। অর্থাৎ গত ১৬ বছর পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচে জয় লাভ করলেন লিটন।

