আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি
ইরানের ড্রোন হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে ড্রোন প্রতিরোধের প্রস্তুতি ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছেন তিনি।
অভিযোগকারী মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম। প্রতিনিধি পরিষদ ও সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির কাছে অভিযোগটি জমা দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ অভিযোগপত্রটি হাতে পেয়েছে। এ বিষয়ে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের নোরা ও’ডনেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারেও কথা বলেছেন র্যামসবটম।
র্যামসবটমের অভিযোগ, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানানো হলেও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তা গুরুত্ব দেননি। ওই স্থাপনাটিতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। যুদ্ধ শুরুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে চালানো ওই হামলাটি ছিল সংঘাত চলাকালে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ।
পোর্ট শুয়াইবা নামে পরিচিত ওই সামরিক পোস্টের চিকিৎসাসেবার ব্যবস্থাও ছিল অত্যন্ত সীমিত বলে অভিযোগে উল্লেখ করেছেন র্যামসবটম। তার তথ্য অনুযায়ী, সেখানে কোনো চিকিৎসক, নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র কিংবা পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা ছিল না। পুরো স্থাপনায় মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।
‘৬০ মিনিটস’কে মেজর র্যামসবটম বলেন, ‘আমি মনে করি, এটি সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং আমার নিজেরও একটি কৌশলগত ব্যর্থতা; আমার পর্যায় পর্যন্ত সবাই এর জন্য দায়ী। আমরা বিষয়টি যথাযথভাবে পরিকল্পনা করিনি। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’
পোর্ট শুয়াইবায় ১ মার্চের হামলা নিয়ে আট মাসের অনুসন্ধানের অংশ হিসেবে তার সাক্ষাৎকার নিয়েছে ‘৬০ মিনিটস’। হামলার পরদিন এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ওই সামরিক স্থাপনায় অবস্থানরত সেনারা ভালোভাবেই সুরক্ষিত ছিলেন।

