স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির ঘোষণা দেওয়া হলেও নেপথ্যে পুরোনো সিন্ডিকেট ও বিতর্কিত ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যখাতের কেনাকাটার অন্যতম কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) শীর্ষ পদে পদায়ন এবং বিগত সময়ের আলোচিত ঠিকাদারি চক্রের সঙ্গে গোপন আঁতাত ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরদিন ১৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে যোগ দিয়েই তিনি স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি ও সিন্ডিকেট বরদাশত না করার ঘোষণা দেন এবং সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন।
তবে সংশ্লিষ্ট মহলের অভিযোগ, মন্ত্রীর এসব ঘোষণা কেবল লোকদেখানো পদক্ষেপে সীমাবদ্ধ রয়েছে। ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, নিয়োগে মেধার মূল্যায়ন, বদলি-পদায়নে নিয়মনীতি অনুসরণ কিংবা প্রকল্পের ব্যয় নিরীক্ষায় কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং মন্ত্রীর আত্মীয় পরিচয় ও ব্যক্তিগত সখ্যের সূত্র ধরে সিএমএসডি-এর মতো গুরুত্বপূর্ণ ক্রয় সংস্থার পরিচালক পদে পদায়ন নিয়ে স্বাস্থ্যখাতে নতুন করে সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
নির্ভরযোগ্য সূত্রের দাবি, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও সাজ্জাদ মুন্সীর মতো বিতর্কিত ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে বর্তমান নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে। গ্রেপ্তারের ভয়ে মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিদেশে অবস্থান করলেও তাঁর সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি একটি বিশেষ গোপন স্থানে আলোচিত ঠিকাদার সাজ্জাদ মুন্সীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের গোপন বৈঠকের সুনির্দিষ্ট তথ্য ও ছবিও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, কেবল আকস্মিক হাসপাতাল পরিদর্শন বা মৌখিক হুঁশিয়ারি দিয়ে এই খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করা সম্ভব নয়। ক্রয় ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিলে স্বাস্থ্যখাতের সংস্কারের উদ্যোগ মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

