স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন ও তদবির বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তথা এপিএস মনিরুজ্জামান ছোটন রয়েছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে। মন্ত্রীর নাম ভাঙিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে ইডিসিএল থেকে শুরু করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পর্যন্ত প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বদলি, নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে এপিএস ছোটন প্রভাব বিস্তার করছেন। এতে স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইডিসিএলে ১০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদের বদলিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ২০১৩ সালে আর্থিক অনিয়মের দায়ে বরখাস্ত হলেও পরবর্তীতে তিনি পুনরায় দায়িত্বে ফেরেন।
সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহর স্বাক্ষরিত এক আদেশে শামীম আহমেদকে ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়। তবে এই বদলি ঠেকাতে এপিএস ছোটনের মাধ্যমে তদবির করা হয় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শামীমকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার আশ্বাসে ছোটন চক্রের সঙ্গে ১০ লাখ টাকার নগদ লেনদেন হয়েছে। স্থানীয় একটি চায়ের দোকানে দুই ব্যক্তির কথোপকথনে এ লেনদেনের তথ্য প্রকাশ পায় বলে সূত্রগুলোর দাবি। এছাড়া মন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এপিএস ছোটন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানকে একাধিকবার ফোন করিয়ে বদলি ঠেকানোর চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
‘জুলাই যোদ্ধা’র পরিচয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শুধু বদলি বাণিজ্যই নয়, ‘জুলাই যোদ্ধা’র পরিচয় ব্যবহার করে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে। ইডিসিএলের বগুড়া কারখানায় ছাব্বির আহমেদ নামে এক ব্যক্তিকে সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ দেওয়া হয়, যিনি সম্পর্কে শামীম আহমেদের ভায়রা ও নিকটাত্মীয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যথাযথভাবে যাচাই না করেই এপিএস ছোটনের প্রভাব ও শামীমের তদবিরে তাকে চাকরি দেওয়া হয়েছে।
নার্সিং অধিদপ্তরে ডিজিকে চাপ প্রয়োগের অভিযোগ
ইডিসিএলের পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে এপিএস ছোটনের বিরুদ্ধে। অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজকে বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ এবং হেনস্তা করার অভিযোগ রয়েছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, মন্ত্রীর নাম ব্যবহার করে প্রায় ২০টি তদবির এবং ১০ থেকে ১২টি বদলির বিষয়ে ডিজিকে চাপ দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থানকালেও ফোন করিয়ে বিভিন্ন তদবির বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। উচ্চপদস্থ একজন কর্মকর্তার ওপর এ ধরনের ব্যক্তিগত কর্মকর্তার চাপ প্রয়োগ প্রশাসনিক স্বাধীনতার জন্য অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রীর অজান্তেই সমান্তরাল প্রশাসন?
মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার মতে, এপিএস ছোটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও সিন্ডিকেটের কর্মকাণ্ডের অনেক কিছুই মন্ত্রীর অজ্ঞাতসারে ঘটতে পারে। মন্ত্রীর ব্যস্ততার সুযোগ নিয়ে তার নাম ভাঙিয়ে এই প্রভাবশালী চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
স্বাস্থ্য খাতের মতো একটি সংবেদনশীল সেক্টরে এ ধরনের ঘুষ লেনদেন, বদলি বাণিজ্য ও নিয়োগে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

