চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট বার্তা দিলেন রিয়াল মাদ্রিদের হেড কোচ হোসে মরিনহো। ভালো খেলা উপহার দিয়ে পরাজয় বরণ করা করতে চাননা তিনি। বরং সুন্দর না খেলেও জয় নিয়েই মাঠ ছাড়তে চান তিনি।
গত ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ভালো পারফর্ম করা সত্ত্বেও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে মরিনিয়ো বলেন, ‘আমি জিততে চাই। সুন্দর খেলে বেতিসের মতো হারতে চাই না।’
চ্যাম্পিয়ন্স লিগের আট ম্যাচের নতুন ফরম্যাটে নকআউট পর্বে যোগ্যতা অর্জনই মূল লক্ষ্য রিয়াল মাদ্রিদের। মরিনহোর মতে, এই পথচলায় যেকোনো উপায়ে জয় ছিনিয়ে আনাটাই আসল।
পুরোনো দল ইন্টারের বিপক্ষে খেলাকে ভিন্নভাবে দেখছেন মরিনহো। প্রতিপক্ষ কোচ ও তার সাবেক শিষ্য ক্রিশ্চিয়ান কিভুর প্রশংসা করে তিনি বলেন, ‘ম্যাচের ভেতরে অতীত নিয়ে ভাবার সময় নেই। তবে ম্যাচের আগে ও পরে কিভুকে অবশ্যই অভিবাদন জানাব।’
চোট কাটিয়ে দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড এনড্রিক। কিন্তু সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট খেলার সুযোগ পেতে পারেন তিনি। এদিকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে মধ্যমাঠে খেলানো হবে কি না- তা নিয়ে ট্যাকটিক্যাল কৌশল বজায় রাখেন কোচ।

