যুক্তরাষ্ট্রের সেনেটে ইরান যুদ্ধ নিয়ে আবারও ভোটের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, তারা এই সপ্তাহে ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’-এর ওপর ষষ্ঠবারের মতো ভোটে যেতে বাধ্য করবেন, যার লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ সীমিত করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, “৬০ দিনের একটি বেপরোয়া ও অজনপ্রিয় যুদ্ধের পরও রিপাবলিকানরা কি ট্রাম্পকে সমর্থন করে যাবে, নাকি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে?”
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়। তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এর আগে ডেমোক্র্যাটরা একাধিকবার সেনেট ও প্রতিনিধি পরিষদে এ ধরনের প্রস্তাব উত্থাপন করলেও তা পাস করাতে ব্যর্থ হয়েছে। তবুও তারা আবারও ভোটের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা

