শুরু হয়ে গেছে আসন্ন ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে আর মাত্র ৪৯ দিন বাকি। এই উপলক্ষ্যে ফিফা প্রতিদিন একটি করে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজকের পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নটআউট পর্বে খেলার অভিজ্ঞতায় ব্রাজিলকে ছাড়িয়ে গেছে জার্মানি।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নকআউট ম্যাচ খেলার রেকর্ড গড়েছে জার্মানি। তারা খেলেছে মোট ৪৯টি ম্যাচ।
এই তালিকায় দুই নম্বরে অবস্থান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ব্রাজিল তাদের চেয়ে দুটি আসর বেশি খেললেও তারা নটআউট ম্যাচ খেলেছে মোট ৪৪টি। বড় মঞ্চে স্নায়ুচাপ সামলে নকআউট পর্বে জার্মানির এই ধারাবাহিকতা তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
জার্মানি কেবল নকআউট ম্যাচই খেলেনি, পদক জয়ের ক্ষেত্রে তারা বিশ্বসেরা। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত মোট ১২টি মেডেল জিতেছে তারা। এর মধ্যে রয়েছে চারটি স্বর্ণ, চারটি রোপ্য এবং চারটি ব্রোঞ্জ। এখানেও তাদের চেয়ে পিছিয়ে রয়েছে ব্রাজিল। তারা জিতেছে নয়টি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স মিলিয়ে জিতেছে কেবল ১২টি পদক।
বিশ্বকাপের ইতিহাসে জার্মানি একমাত্র দেশ হিসেবে টানা চারটি আসরে শীর্ষ তিনে থেকে শেষ করেছে। ২০০২ সালে রানার্স-আপ, ২০০৬ ও ২০১০ সালে তৃতীয় স্থান এবং ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের অদম্য শক্তির প্রমাণ দিয়েছিল।

