প্রিমিয়ার লিগের অন্তিম মুহূর্ত জমে উঠেছে বেশ। বিশেষ করে, শনিবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে আর্সেনালের ২-১ গোলের হারে লিগ হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর। শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৭০।
দ্বিতীয়স্থানে থাকা সিটিজেনদের ৬৭। মিকেল আরতেতার দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাতেই নতুন জীবন পেয়েছে সিটিজেনরা।
লিগে পেপ গার্দিওলার দল আগামী বৃহস্পতিবার রাতে বার্নলির মাঠে আতিথ্য নেবে। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটির বিপক্ষে জয় তোলা যে সহজ হবে উড়তে থাকা সিটির, সেটা সহজেই অনুমেয়। পূর্ণ তিন পয়েন্ট অর্জনে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলবে ম্যানসিটি। দু’দলের ম্যাচ এবং পয়েন্ট হবে সমানে সমান।
টার্ফ মুরে বাংলাদেশ সময় রাত একটার ম্যাচটির আগে গার্দিওলা আর্সেনালের বিপক্ষে শিরোপার লড়াই নিয়ে কথা বলেন।
সিটিজেন কোচ বলেন, ‘দুই দলই (সিটি ও আর্সেনাল) জানে অতীতে কী ঘটেছে। উভয় পক্ষই জানে যে, এখন আর কোনো পয়েন্ট হারানো যাবে না। তা পুনরুদ্ধার করা খুব কঠিন। আমাদের খেলার সূচিও খুব ঠাসা, বিশেষ করে পরবর্তী প্রতিপক্ষ এভারটন—যাদের বিপক্ষে খেলা সবসময়ই অনেক কঠিন।’
তিনি আরও বলেন,‘লিগে যে দল পেছনে থেকে ধাওয়া করে, তাদের জন্য মানসিক ও শারীরিকভাবে কাজটা বেশি কঠিন। আর্সেনালকে হারানোর পর এখন আমাদের বার্নলির মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’
আর্সেনালের বিপক্ষে জয়ের পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে গার্দিওলা বলেন,‘ম্যাচ শেষ হওয়ার পর আমি তাদের বলেছি, আমাদের ফোকাস বা মনোযোগ নষ্ট করা যাবে না। আর্সেনাল এখনো লিগের শীর্ষে আছে এবং বর্তমান অবস্থান অনুযায়ী তারাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।’

