খেজুর বিক্রিতে রেকর্ড করেছে সৌদি আরব। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর দেশটির খেজুর রপ্তানির মোট মূল্য দাঁড়িয়েছে ১.৯৩৮ বিলিয়ন সৌদি রিয়ালে। ২০২৪ সালের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ১৪.৩ শতাংশ এবং ২০২১ সালের পর থেকে হিসাব করলে এই বৃদ্ধির হার অবিশ্বাস্যভাবে ৫৯.৫ শতাংশে গিয়ে ঠেকেছে।
বিশ্ববাজারে সৌদি খেজুরের ক্রমবর্ধমান চাহিদা এবং উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়নের ফলে এই বিশাল সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনারই একটি অংশ, যার মূল লক্ষ্য হলো দেশটির অর্থনীতিকে বহুমুখী করা এবং জাতীয় জিডিপিতে কৃষি খাতের অবদান আরও শক্তিশালী করা।
সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী এবং ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল রহমান আল-ফাদলি এই অভাবনীয় সাফল্যের জন্য দেশটির শীর্ষ নেতৃত্বের দূরদর্শী সমর্থন এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর সমন্বয়কে কৃতিত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, সৌদি খেজুরের রপ্তানি সক্ষমতা বাড়াতে গৃহীত বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থান সুদৃঢ় করেছে। বর্তমানে সৌদি আরব বিশ্বের ১২৫টিরও বেশি দেশে উন্নতমানের এবং অনন্য বৈশিষ্ট্যের খেজুর রপ্তানি করছে।
২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৩ কোটি ৭০ লাখেরও বেশি গাছ থেকে প্রায় ১৯ লাখ টনেরও বেশি খেজুর উৎপাদিত হয়েছে।
সূত্র: সৌদি গেজেট

