এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। নিশিনে কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। শেষ আটে বিপক্ষ দলের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিশ্চিত করেছে সেমিফাইনাল।
বৃহস্পতিবার হবে দুটি সেমিফাইনাল। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনাল হবে শনিবার, একই দিনে ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। বৃহস্পতিবারও বৃষ্টির শঙ্কা আছে, তবে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া ভালো থাকার কথা বলা হয়েছে।
পরবর্তী ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভারে বিজয়ী নির্ধারণ করা হবে। আর সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে শীর্ষ বাছাইয়ে থাকা দল উঠবে ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এই হিসাবে এগিয়ে আছে। ফাইনাল ওয়াশআউট হলেও একই নিয়ম। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জিতবে স্বর্ণপদক। বলা যায়, ক্রিকেটের বাকি ম্যাচের সবগুলোই পণ্ড হলে ভারতই হবে চ্যাম্পিয়ন।
উল্লেখ্য, চার সেমিফাইনালিস্টের কেউই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একটিও বল খেলেনি। শেষ আট থেকে বাদ পড়েছে নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া ও হংকং।

