বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রীতিমতো বড় রানের আভাস দিয়েছিলেন। তবে রিশাদ হোসেন ও শেখ মেহেদী তাদের টেনে ধরেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮২ রানে আটকে দেওয়ায় নিজেদের বোলিংকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার স্পিনার শেখ মেহেদী।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ মেহেদী বলেন, ‘চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়। তাই বোলারদের জন্য এখানে সবসময়ই চ্যালেঞ্জ থাকে, কঠিন পরিস্থিতি সামলাতে হয়। গতকালের ম্যাচ দেখলেই বোঝা যায়, আমরা বোলার ইউনিট হিসেবে কতটা কঠিন সময় পার করেছি। একইভাবে নিউজিল্যান্ডও কিন্তু একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’
রিশাদ হোসেনের বোলিং এবং নিজের শেষ স্পেলের শেষ দুই ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন মেহেদী, ‘শুরুতেই আমাদের কিছুটা স্ট্রাগল করতে হয়েছে। তবে ধীরে ধীরে আমরা ম্যাচে ফিরে আসি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল। আর শেষ দিকে আমি দুইটা ওভারে ভালো কামব্যাক করি। এই দুই স্পেলে আমরা অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা যদি সেই সময়টা আরেকটু ভালোভাবে হ্যান্ডেল করতে না পারতাম, তাহলে হয়তো আরও ২০ রান বেশি খেতে হতো।’
নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রেখে এই অলরাউন্ডার বলেন, ‘সার্বিকভাবে বিবেচনা করলে বোলিংয়ে আমরা নিউজিল্যান্ডের চেয়ে অনেক ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা সত্যিই ডমিনেটিং পারফরম্যান্স করে আসছে। বিদেশের কন্ডিশনেও রিশাদ, নাসুম বা আমি—যেই সুযোগ পাচ্ছে, ভালো করছে।’
ব্যক্তিগত ফর্ম নিয়ে মেহেদী বলেন, ‘আমি শেষ পাঁচ মাস আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম। এর মধ্যে তিন মাস কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলিনি। তাই প্রথম ম্যাচটা আমার জন্য একটু কঠিন ছিল। কিন্তু যত দ্রুত মানিয়ে নিতে পেরেছি, সেটাই আমার জন্য ভালো দিক।’

