শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও পিএসএল থেকে নাম প্রত্যাহার করে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন শানাকা।
সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের মতে, শানাকা একতরফাভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যা খেলোয়াড় নিবন্ধন নীতিমালা এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর ফলে তিনি ২০২৭ সালের পিএসএলে অংশ নিতে পারবেন না।
এর আগে একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন।

