টয়োটা ইউকে’র একটি প্রচারণামূলক ভিডিওতে একদম ভিন্ন চেহেরায় দেখা গেছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে। গত বছর নেটে ব্যাটিং অনুশীলনের সময় মুখে বলের আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সেই ক্ষত সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা স্টোকসের নতুন লুক এখন সরগরম নেট দুনিয়া।
ভিডিওতে স্টোকসকে আগের চেয়ে অনেক বেশি রোগা এবং মেদহীন দেখা গেছে। বিশেষ করে তার মুখের গড়নে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আদিল রশিদ, মার্ক উড এবং বেন ডাকেটরা ভিডিওতে থাকলেও ভক্তদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন স্টোকস।
চলতি বছরের শুরুতে নেটে অনুশীলনের সময় একটি বল সরাসরি স্টোকসের মুখে আঘাত করে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে স্টোকস বিবিসি স্পোর্টসকে বলেন, ‘পরিস্থিতিটা বেশ ভীতিজনক ছিল। বলটা সরাসরি আমার মুখে লাগে। যদি সামান্য এদিক-সেদিক হতো, তবে হয়তো আজ আমি এই সাক্ষাৎকারটা দিতে পারতাম না।’
‘আমার গালের হাড়ের নিচে বেশ ক্ষতি হয়েছিল। সৃষ্টিকর্তার দয়ায় আমি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। তাই হয়তো এখনও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।’
৩৪ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার এখনও ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মিশন শুরু করবেন স্টোকস। এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে থ্রি লায়ন্সরা।

