বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রাম আউলিয়াপুরে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোবেদা খাতুন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জোবেদা খাতুন আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম দানেশ আলী তালুকদারের স্ত্রী ছিলেন।
শনিবার বাদ জোহর আউলিয়াপুর গ্রামের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দাদির অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়িতে আসেন। দাদির মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।
দাদির মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন মিরাজ ও তার পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

