প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউটে নিশ্চিতের পর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা মেসিদের বিপক্ষে মাঠের নামার আগে বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন ও ভালোবাসা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
এই গোলরক্ষক বিশ্বকাপে দেশটির হয়ে রূপকথা লিখেছেন। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ভোজিনহা জানান, কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের পর বিশ্বজুড়ে সমর্থকদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়া তাকে অভিভূত করেছে।
ভোজিনহা লিখেছেন, যা কিছু ঘটেছে, তা পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছি। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষের এমন সাড়া আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। এই বিপুল সমর্থন এবং বর্তমান মুহূর্তটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে তার কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, তার বিশালতা পুরোপুরি বুঝতে আমার কিছুটা সময় লাগবে।ভালোবাসার এই জোয়ার তৈরি করা এবং সবকিছু সম্ভব করার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা নেই।
৪০ বছর বয়সের পর বিশ্বকাপে একাধিক ‘ক্লিন শিট’ (গোল না খেয়ে ম্যাচ শেষ করা) রাখা তৃতীয় গোলরক্ষক হিসেবে ভোজিনহা ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অভিজাত তালিকায় নিজের নাম লিখিয়েছেন। অপটা হোসে-র এক্স হ্যান্ডেল অনুযায়ী, পিটার শিলটন তিনটি এমন ‘ক্লিন শিট’ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। অন্যদিকে জোফ ও ভোজিনহা প্রত্যেকে দুটি করে ক্লিন শিট নিয়ে যৌথভাবে তার পরেই অবস্থান করছেন।
আগামী শনিবার(৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর চারটায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে।

