একটি দুর্ঘটনা বদলে দিতে পারে জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। তেমনই যেন ঘটেছে ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের সঙ্গে। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিংয়ে ভয়াবহ এক ক্রেন দুর্ঘটনার মুখে পড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ে সেটে। প্রাণ হারান তিন কর্মী। অল্পের জন্য রক্ষা পান কাজল। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে কাজল বলেন, দুর্ঘটনার পর জীবন ও সৃষ্টিকর্তার প্রতি তার দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। সেদিন সেটে উপস্থিত ছিলেন কাজল ও কমল হাসান। একটি দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে মনিটরের কাছে বসেছিলেন তিনি। হঠাৎ সেটে হইচই শুরু হয়। সবাই ছোটাছুটি করতে থাকেন।
প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান কাজল। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখতে পান, বিশাল একটি ক্রেন তার দিকে ভেঙে পড়ছে। অভিনেত্রী বলেন, ’আমি পিছন ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটা ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’
ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাকে টেনে বিপদ থেকে সরিয়ে নেন। ক্রেনটি আছড়ে পড়ে তার একেবারে পাশেই। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেত্রী।
কাজলের ভাষ্য, ওই দুর্ঘটনা তাকে নতুন করে জীবনকে বুঝতে শিখিয়েছে। দীর্ঘদিন আতঙ্ক ও কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি কাজ করেছে তার মধ্যে। ধীরে ধীরে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেড়েছে অভিনেত্রীর। বিশেষ করে কৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে। জীবন কতটা অনিশ্চিত, সেই উপলব্ধিই তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি কমল হাসান অভিনীত সিনেমাটি। আর সিনেমাটির শুটিংয়ে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো ভুলতে পারেননি কাজল।

