ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারপ্লেক্স গ্রাউন্ডে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য ১০ হাজার ধারণক্ষমতার সম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে।
ভেন্যুটি পুরুষ ও মহিলাদের খেলার জন্য ব্যবহৃত হবে, যেখানে প্রতিটি প্রতিযোগিতায় ছয়টি করে দল অংশ নেবে। স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) একটি আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি কাজের উদ্বোধন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এই অগ্রগতির প্রশংসা করেছেন।
তিনি নির্মাণকাজের এই শুরুকে অলিম্পিক পর্যায়ে ক্রিকেটের বিশ্বব্যাপী অন্তর্ভুক্তির যাত্রাপথে একটি ‘প্রধান মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ক্রিকেট খেলার জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়, কারণ এটি একটি বৈশ্বিক খেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে বিশাল পদক্ষেপ নিচ্ছে। আমাদের লক্ষ্য ছিল ক্রিকেটের পরিধি প্রসারিত করা এবং অলিম্পিকের অংশ হতে পারাটা গর্ব ও স্বপ্ন দুটোই নিয়ে এসেছে। আমরা আত্মবিশ্বাসী, এই ভেন্যুটি গেমসের সময় কেন্দ্রবিন্দুতে থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য একটি ঐতিহ্য বহন করবে।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট একটি আধুনিক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যেখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্য আলাদা টি-টোয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি টুর্নামেন্টে সেরা পারফর্মারদের স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।
এই প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে ছয়টি করে দল অংশ নেবে এবং ৯০ জন ক্রীড়াবিদের জন্য কোটা বরাদ্দ থাকবে। প্রতিটি অংশগ্রহণকারী দল ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করতে পারবে। অলিম্পিকের সমস্ত ম্যাচ লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনার ফেয়ারপ্লেক্স গ্রাউন্ডসে বিশেষভাবে নির্মিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ২০২৮ সালের ১২ই জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।
অলিম্পিকের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে ফেয়ারপ্লেক্স গ্রাউন্ডস মেজর লীগ ক্রিকেট (এমএলসি)-এর আয়োজক স্থান হিসেবেও কাজ করবে। যেখানে ১লা জুলাই থেকে ৫ই জুলাইয়ের মধ্যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে নিয়ে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

