আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার বলা হয় শচীন টেন্ডুলকারকে। ভারতীয় এই মাস্টার ব্লাস্টার ব্যাটারের অনেক রেকর্ড এখনও অক্ষত। আন্তর্জাতিক ক্রিকেট তিনিই একমাত্র ১০০ সেঞ্চুরির মালিক এবং করেছেন সর্বোচ্চ ৩৪,৩৫৭ রান। যেখানে তার মূল অস্ত্র ব্যাট। সেই হাতিয়ার নিয়ে সাম্প্রতিক সময়ে বারবার আলোচনায় আসছেন শচীন।
সম্প্রতি জানা গেছে, ভারতীয় এই কিংবদন্তির রেকর্ড ইনিংসের সাক্ষী হয়েছে এমন ২৬টি ব্যাট মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শারদ পাওয়ার ক্রিকেট জাদুঘরের জন্য উপহার দিচ্ছেন। ১৬ নভেম্বর উদ্বোধন হবে সেসব অমূল্য স্মারক। এ ছাড়া শচীনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক হিসেবে ব্যবহৃত হেলমেট, জার্সি ও ব্যক্তিগত নোটও সেখানে সংগ্রহে থাকবে।
এদিকে, আরও পুরোনো এক সঙ্গী ছিল আড়ালে। ৪৯ বছর আগে শৈশবে যে ব্যাট দিয়ে শচীন খেলেছেন, সেই ব্যাটটাই এবার তিনি সামনে আনলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ব্যাটের গল্প বলি, ৪৯ বছর পরেও আমার সঙ্গী।’
শৈশব-কৈশোর কিংবা পেশাদার ক্যারিয়ারের লম্বা সময়েই শচীনের অনেক গল্পের সাক্ষী তার ব্যাট। তেমনই আরেকটি গল্প তিনি বলেছেন গত ১০ সেপ্টেম্বর। একটি ছবিতে তাকে ব্যাটকে মনমতো আকৃতি দিতে সরঞ্জাম নিয়ে কাজে মগ্ন দেখা যায়। যার ক্যাপশনে শচীন লিখেছেন, ‘আমার কাছে ব্যাট কখনোই কেবল খেলার সরঞ্জাম ছিল না। আমার হাতে ব্যাটটি ঠিক কেমন অনুভব হবে, তার প্রতিটি খুঁটিনাটি বিষয় আমার জানা ছিল। তাই প্রায়ই আমি আমার কাঠের কাজের সরঞ্জাম বের করে নিজেই তাতে হাত লাগাতাম।
এই কাজে নিজের আনন্দ খুঁজে পেতেন ২২ গজে ক্রিকেটবিশ্বকে বিনোদিত করা এই তারকা, ‘আকৃতি দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় পরিবর্তন আনা, যতক্ষণ না সেটি আমার মনের মতো হতো। সম্ভবত এই কারণেই সেই ছোট ছোট মুহূর্তগুলো আমার এত প্রিয়। আসলে বিষয়গুলো ব্যাট নিয়ে ছিল না, বরং ব্যাটটিকে নিজের মতো করে গড়ে তোলার মধ্যেই ছিল আসল আনন্দ।’

