ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে বিপ্লবী গার্ড বাহরাইনের একটি হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়ে। এরপর সেনাবাহিনীর এ চৌকস ইউনিট জানায়, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের রাডারকে টার্গেট করেছে তারা এবং ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে নির্ভূলভাবে আঘাত করেছে।
তবে বাহরাইন দাবি করল ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে তারা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এ নিয়ে বলেছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
রোববার সকালে বাহরাইনে দুইবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সাধারণ মানুষকে নিকটস্থ নিরাপদ জায়গায় চলে যাওয়া এবং শান্ত থাকার আহ্বান জানানো হয়।
বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে তাদের টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, সেটির দ্বিতীয় জবাব হিসেবে আজ আবারও রাডার লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।
এ ব্যাপারে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে হামলা চালিয়েছে, এটি তার দ্বিতীয় দফার জবাব। এরআগে দুদিন আগে মার্কিনিদের একটি রাডার লক্ষ্য করে হামলা করেছিল ইরান। ওইদিন রাতে দেশটির হরমুজগান প্রদেশের সিরিকের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনারা।
বিপ্লবী গার্ড বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের চালানো দ্বিতীয় দফার হামলা সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সূত্র: আল-আরাবিয়া

