স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে রবিবার বিকালে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, রবিবার বিকালে তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এদিকে, শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। এতে তার শারীরিক কোনও জটিলতা পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রবিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

