বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, কী যোগ্যতার ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে?
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, বরং প্যানেলের মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে সম্পূরক প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণের মধ্যে ম্যাক্সিম গ্রুপের কাছে ২৩ হাজার কোটি, এস আলম গ্রুপের কাছে ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের কাছে ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের কাছে ৩ হাজার ৪০০ কোটি টাকা আটকে রয়েছে।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে দেশের ব্যাংকগুলো খাদের কিনারায় চলে গেছে। তিনি মনে করিয়ে দেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং এ খাতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। অর্থমন্ত্রী নিজেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়ার প্রসঙ্গ টেনে কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ২০২৪ সালের পর থেকে সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধেই ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বৃহৎ ও সংকটাপন্ন প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হলো, তা তিনি জানতে চান। এই নিয়োগের মানদণ্ড কী-তা কি কেবল সরকার জানবে, নাকি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে প্রশ্নও রাখেন তিনি। একইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহর এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই এবং সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে তিনি জানান, এ ক্ষেত্রে একটি নির্ধারিত প্যানেল রয়েছে। সেই প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত গভীরভাবে পর্যালোচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরই শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও স্পষ্ট করেন, কোনো প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন নাকি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, নিয়োগের ক্ষেত্রে সেটি বিবেচনায় নেওয়া হয় না। মূলত ব্যাংকগুলোকে বর্তমান সংকট থেকে বের করে আনতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেবল ব্যবস্থাপনা পরিচালকই নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদেও প্যানেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে বলে তিনি জানান। এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমনটি হবে না বলে দাবি করেন অর্থমন্ত্রী।
দেশের সার্বিক ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা আবার ফিরতে শুরু করেছে। এক সময় অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু বর্তমানে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। ব্যাংকগুলোতে নিট আমানতের পরিমাণ বাড়ছে এবং পুরো ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পুনঃ মূলধনীকরণ প্রক্রিয়াও ভালোভাবে এগিয়ে চলছে উল্লেখ করে ভবিষ্যতে এর ইতিবাচক সুফল দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

