ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম আন্তর্জাতিক মঞ্চেও ধরে রেখেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ১৯৯৮ সালের পর দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে জায়গা করে নিয়ে এবার নজর কাড়ছে নরওয়ে, যেখানে দুই ম্যাচেই গোল করেছেন এই ফরোয়ার্ড।
সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে হলান্ড জানান, নকআউটে পৌঁছে যাওয়ায় এখন আর ফ্রান্স ম্যাচ নিয়ে অতটা ভাবছেন না তিনি। তার ভাষায়, ‘আমরা নকআউটে চলে গেছি, এটা বড় অর্জন। তাই এখন ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’
তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার একটি মন্তব্য। ফ্রান্সকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে হলান্ড বলেন,‘ওরা সম্ভবত আমাদের হারাবে। এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’ তার এই মন্তব্যের পরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এদিকে চলমান আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে নরওয়ে। গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে জায়গা নিশ্চিত করায় আত্মবিশ্বাসে ভরপুর দলটি। ফ্রান্স ম্যাচটি গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে ফ্রান্স ও কিলিয়ান এমবাপ্পে এই আসরে দারুণ ছন্দে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই দলের এই প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই হওয়ায় বাড়তি আকর্ষণ যোগ হয়েছে ম্যাচটিতে।

