পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটে দিচ্ছেন দেশটির বাসিন্দারা। এবারের নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোয়ানা রোসা। এই নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হলো, দেশ থেকে অব্যাহত অভিবাসন বা মানুষের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতাকে কমিয়ে আনা।
স্থানীয় সময় রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ লাখেরও বেশি ভোটার তাদের ভোট দেওয়ার সুযোগ পাবেন। রাজনৈতিকভাবে অস্থিতিশীল এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য পরিচিত কেপ ভার্দেতে, ভোটাররা ছয়জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন। নেভেস যিনি দেশটির প্রাচীনতম রাজনৈতিক দল ‘আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কেপ ভার্দে’ -এর সদস্য। তিনি নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ‘মুভমেন্ট ফর ডেমোক্রেসি’ দলের রোসা।
৬৬ বছর বয়সী নেভেস ১৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ২০২১ সালে প্রেসিডেন্ট হন। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার দল পার্লামেন্টের ৭২টি আসনের মধ্যে ৩৭টিতে জয়লাভ করে। ফলে নেভেস রাজধানী প্রাইয়ার তৎকালীন মেয়র ফ্রান্সিসকো কারভালহোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ পান।
বিরোধী দলের প্রার্থী ও সাবেক বিচারমন্ত্রী রোসা হলেন ১৯৭৫ সালে স্বাধীনতার পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম নারী। মে মাসের নির্বাচনের আগে তার দল ১০ বছর ক্ষমতায় ছিল। দেশটিতে সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার এক মিশ্র শাসনপদ্ধতি বিদ্যমান, যেখানে প্রেসিডেন্ট ভেটো প্রদানের ক্ষমতা রাখেন এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
পর্যটকদের স্বর্গ
সেনেগাল উপকূলের অদূরে অবস্থিত কেপ ভার্দে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। চলতি বছর দেশটির পুরুষ ফুটবল দল বড় বড় দেশগুলোর বিপক্ষে লড়াই করে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জায়গা করে নিলে তা বিশ্বজুড়ে পরিচিতি পায়। এপ্রিলে দেশটির উপকূলের কাছে চলাচলকারী একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।
কর্মসংস্থানের অভাবের কারণে দেশটিতে দীর্ঘকাল ধরে অভিবাসন বা দেশত্যাগের সমস্যা রয়েছে। দ্বীপরাষ্ট্রটির মূল ভূখণ্ডে ৫ লাখ মানুষ বসবাস করলেও, বিদেশে বসবাসকারী কেপ ভার্দেনবাসীর সংখ্যা তার চেয়েও বেশি। তাদের অধিকাংশই পর্তুগাল (যারা একসময় দেশটি শাসন করত) এবং যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বিদেশে অবস্থিত কেপ ভার্দেনের দূতাবাসগুলোতে প্রায় ৭৭ হাজার প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
নেভেস প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে একটি যুব সম্মেলনের আয়োজন করবেন। অন্যদিকে রোসা এমন একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন, যা তরুণদের ‘নিজ দেশে ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দেবে এবং তরুণ কেপ ভার্দেনবাসীদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা রোধ করবে’।
তবে ইউনিভার্সিটি অফ কাবো ভার্দের রাষ্ট্রবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজের অধ্যাপক রোসেলমা ইভোরা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, অনেক ভোটারই রাজনৈতিক নেতাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করেন। তাদের ধারণা, নেতারা সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টগুলো বোঝেন না।
দুই থেকে তিন দিনের মধ্যে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীদের জয়ী হওয়ার জন্য ৫০ শতাংশেরও বেশি ভোট পেতে হবে। অন্যথায় ২৯ নভেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটগ্রহণ (রান-অফ) অনুষ্ঠিত হবে।
সূত্র: আলজাজিরা।

