বিশ্বকাপের মঞ্চে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে নামলেও শুরুটা সুখকর হলো না ব্রাজিলের। প্রথম ম্যাচেই ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের, আর তাতেই নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন ভিনিসিয়ুস জুনিয়র।
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে চাপে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরালেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
ম্যাচ শেষে ব্যক্তিগত স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও তার হাতে পুরস্কার তুলে দেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্সই বেশি ভাবাচ্ছে রিয়াল মাদ্রিদ তারকাকে।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, আমি মনে করি আমার খেলার আরও উন্নতি করার সুযোগ আছে। আমি গোল করেছি, কিন্তু নিজের শতভাগ দিতে পারিনি। আক্রমণে আরও ভালো করা উচিত ছিল, যদিও রক্ষণে কিছুটা অবদান রাখতে পেরেছি।
দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা সমালোচনাও করেন তিনি। বলেন, প্রথমার্ধে আমরা খুব খারাপ খেলেছি। শুরুতেই গোল খাওয়ায় ম্যাচ কঠিন হয়ে যায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে ছন্দ পাওয়া সহজ নয়। আমাদের বল নিয়ন্ত্রণে রেখে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ গড়তে হবে, কারণ প্রতিপক্ষ রক্ষণে থেকে পাল্টা আক্রমণে যাবে।
আগামী ম্যাচ নিয়ে সতর্ক ভিনি বলেন, এখন কথার চেয়ে কাজ জরুরি। পরের ম্যাচ খুব দ্রুতই চলে আসবে। বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয়, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।
অন্যদিকে মিডফিল্ডার ডগলাস লুইজ প্রথম ম্যাচের ফলাফলে কিছুটা ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন। তিনি বলেন, এটি আমাদের প্রথম ম্যাচ ছিল এবং প্রতিপক্ষও শক্তিশালী। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে পিছিয়ে থেকেও ড্র করা আত্মবিশ্বাস বাড়াবে।
তিনি আরও বলেন, আমরা জয়ের চেষ্টা করেছি। এই ম্যাচ থেকে ইতিবাচক দিক নিতে হবে, তবে সামনে আরও ভালো খেলতে হবে।
গ্রুপ সি থেকে ১ পয়েন্ট পাওয়া ব্রাজিল আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে আসা হাইতির বিপক্ষে জয় তুলে নেওয়া এখন ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।

