ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের একটি মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। হেগসেথ বলেছিলেন, ‘যাদের হাতে তলোয়ার রয়েছে, তাদের সামনে আইনের কথা বলা উচিত নয়।’ এর জবাবে প্রাচীন রোমের এক পরাজিত সেনাপতির করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন আরাগচি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি সামরিক শক্তির প্রতি হেগসেথের এমন দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, একই ধরনের বক্তব্য দেওয়া এক রোমান সেনাপতি সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও যুদ্ধে শোচনীয় পরাজয়ের মুখে পড়েছিলেন। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর তাঁকে শিরশ্ছেদ করা হয়।
আরাগচি লেখেন, ‘যাদের হাতে তলোয়ার রয়েছে, তাদের সামনে আইনের কথা বলো না—এই উক্তিটি করেছিলেন একজন রোমান সেনাপতি। তাঁর শেষ সামরিক অভিযানটি শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল। অথচ সেই অভিযানে তিনি সংখ্যাগতভাবে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।’
তিনি আরও লেখেন, ‘এর চেয়ে বরং এই প্রবাদটি মনে রাখা ভালো—যারা অতীতকে মনে রাখতে পারে না, তারা বারবার একই ভুল করতে বাধ্য হয়।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যাদের হাতে তলোয়ার রয়েছে, তাদের সামনে আইনের কথা বলা বন্ধ করুন’—এমন মন্তব্য পোস্ট করেন হেগসেথ। এর সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি ভিডিও ক্লিপ যুক্ত করেন। ভিডিওতে ওয়াশিংটনে ফেডারালিস্ট সোসাইটির জাতীয় আইনজীবী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় একই ঐতিহাসিক প্রসঙ্গ টানেন রুবিও।
উল্লেখ্য, আরাগচির বক্তব্যে উল্লেখ করা রোমান সেনাপতি হলেন পম্পেই দ্য গ্রেট। প্রাচীন রোমের অন্যতম প্রভাবশালী এই সামরিক কমান্ডার ৪৮ খ্রিষ্টপূর্বাব্দে রোমান গৃহযুদ্ধের সময় ফার্সালাসের যুদ্ধে জুলিয়াস সিজারের কাছে পরাজিত হন। এরপর তিনি মিশরে আশ্রয় নিতে গেলে তরুণ ফারাও টলেমি ত্রয়োদশের উপদেষ্টাদের নির্দেশে তাঁকে হত্যা করা হয়। পরে তাঁর বিচ্ছিন্ন মস্তক জুলিয়াস সিজারের সামনে পেশ করা হয়েছিল।
তথ্যসূত্র: তাসনিম নিউজ।

