যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের বড় ব্যবধানের জয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা। দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
৩৪ বছর বয়সী এই তারকার আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা প্রসঙ্গে আনচেলত্তি জানান, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে নেইমার কঠোর পরিশ্রম করেছেন এবং যোগ্য হিসেবেই তিনি এই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। আনচেলত্তি বলেন, আমি মনে করি এই বিশ্বকাপে, নেইমারের যে ফুটবলীয় গুণ ও মান রয়েছে, তা দিয়ে সে দলকে অনেক সাহায্য করতে পারবে। সে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামলেও বেশ ভালো খেলেছে।
নেইমারের খেলার প্রতি আগ্রহ ও আবেগ নিয়ে প্রশংসা করে কোচ আরও যোগ করেন, নেইমারের মাঠে নামার জন্য বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না। ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে কোনো ফুটবলারেরই আলাদা মোটিভেশন লাগে না। নেইমারের এখন ৩৪ বছর বয়স হলেও তার মধ্যে এখনো একজন তরুণ ফুটবলারের মতোই একই আবেগ ও তাড়না বজায় রয়েছে।
ম্যাচের ৭৬তম মিনিটে নেইমার যখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তখন মিয়ামির গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থক তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এর আগে, প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধে কুনিয়ার এক গোলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় সেলেসাওরা। টানা দুই জয়ে দল এখন দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বের কঠিন লড়াইয়ের কথা মাথায় রেখে ব্রাজিলীয় সমর্থকদের এখনই অতি-উৎসাহী না হয়ে আপাতত ‘শান্ত’ থাকার পরামর্শ দিয়েছেন আনচেলত্তি।
সূত্র: রয়টার্স

