বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের ভিত আরও শক্ত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের শারীরিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে চোটের কারণে দলে পরিবর্তন আনা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না তিনি।
আলাবামায় ম্যাচ শেষে স্কালোনি জানান, এই ম্যাচ তাদের সামনে থাকা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। কোথায় উন্নতি দরকার এবং কোন জায়গায় দলকে আরও শক্ত করা প্রয়োজন- সে বিষয়ে এখন পরিষ্কার ধারণা পেয়েছে কোচিং স্টাফ। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আরও এক-দুইদিন সময় নিতে চান তিনি।
স্কালোনি বলেন, আগে থেকেই তাদের একটি পরিকল্পনা ছিল, তবে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে কিছু বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ আছে। সে কারণেই বিকল্প খেলোয়াড় নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
চোটের কারণে লিওনার্দো বালের্দির ছিটকে যাওয়াটা আর্জেন্টিনা শিবিরের জন্য চিন্তার হলেও সম্ভাব্য বিকল্প হিসেবে গুইদো রদ্রিগেসের নামই সবচেয়ে বেশি এগিয়ে আছে বলে জানা গেছে। যদিও স্কালোনি সরাসরি কোনো নাম নিশ্চিত করেননি। তার ভাষায়, বিষয়টি এখন দুইজন সম্ভাব্য প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ।
তবে পুরো শিবিরের জন্য স্বস্তির বড় কারণ হলো খেলোয়াড়দের ফিটনেসে উন্নতি। বিশেষ করে নিকো পাজের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। পরিকল্পনার বাইরে নেমেও তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বলে জানান স্কালোনি, যা দলে নতুন বিকল্প তৈরি করেছে।
লিয়ান্দ্রো পারেদেসের অবস্থাও ইতিবাচক বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তাকে নিয়ে ঝুঁকি না নিলেও দলে রাখার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব ঠিক থাকলে শিগগিরই তিনি পূর্ণ অনুশীলনে ফিরবেন। চোট কাটিয়ে ফেরা গনসালো মন্তিয়েলকেও নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। তার মতে, ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলাই এখন অগ্রাধিকার।
সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় স্বস্তির জায়গা এখন খেলোয়াড়দের শারীরিক সুস্থতা। প্রস্তুতি পর্বের শেষ ধাপে এসে দলটি এখন অনেকটাই ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

