প্রথম ম্যাচে নিষ্প্রভ দেখালেও বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো স্বমহিমায় ফিরবেন, এমনটাই বিশ্বাস মাইকেল ওয়েনের। পর্তুগাল তারকার পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ওয়েনের দাবি, রোনালদোও সেই নজির ছুঁতে পারেন।
নিজেদের পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। তার আগে ডেইলি মেইলে নিজের নিবন্ধে ওয়েন লেখেন, “পর্তুগাল ম্যাচের আগের দিন মেসি হ্যাটট্রিক করেছে। পরের দিন রোনালদো পারেনি। তার মানে এই নয় যে ওর সমালোচনা করতে হবে। আমি তার পাশে আছি।”
ওয়েনের মতে, পরের ম্যাচেই যদি রোনালদো হ্যাটট্রিক করেন তো তিনি অবাক হবেন না। ওয়েল লেখেন, “আমি নিশ্চিত পরের ম্যাচে ও সবার মুখ বন্ধ করে দেবে। এমন ঘটনা তো কতবার ঘটেছে। রোনালদো মাঠে থাকা মানে ও যে কোনো মুহূর্তে গোল করতে পারে। যদি উজবেকিস্তানের বিপক্ষে ও হ্যাটট্রিক করে তাহলে আমি অবাক হবো না।”
রোনালদোকে সমর্থন করেছেন তার সতীর্থ রুবেন দিয়াজও। তিনি বলেন, “রোনালদোকে নিয়ে আমরা একটুও চিন্তা করছি না। একটু চিৎকার হচ্ছে এই যা। এটা তো খেলারই অংশ। রোনালদো এই দৃশ্য বহু বার দেখেছে। ও চ্যাম্পিয়নের মতো ফিরেছে। আবারও ফিরবে।”
ওয়েন ও রুবেন রোনালদোর পাশে দাঁড়ালেও ডিআর কঙ্গোর বিপক্ষে সিআর সেভেনের খেলা দেখে ভক্তরা অনেকেই হতাশ হয়েছে। গোটা ম্যাচে যে কয়েকটি সুযোগ পেয়েছেন তা হেলায় হারিয়েছেন তিনি। খেলা শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই সাজঘরে ফিরে গিয়েছেন। দর্শকদের বিদ্রুপও শুনেছেন। সমালোচিত হয়েছেন। এই পরিস্থিতিতে তিনি পরের ম্যাচে ছন্দে ফিরতে পারেন কি না সে দিকেই নজর সবার।

