বিশ্বকাপের মঞ্চে নামার আগেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে আলজেরিয়া শিবির। অন্তত দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজার সাম্প্রতিক মন্তব্য সেই কথাই জানান দিচ্ছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে রীতিমতো এক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেছেন বায়ার লেভারকুসেনের এই ২০ বছর বয়সী তারকা।
এক সাক্ষাৎকারে মাজা বেশ স্পষ্ট করেই বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা মেসিকে হারাব। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে আর্জেন্টিনার বিপক্ষে এই প্রথম ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাঠে প্রতিপক্ষকে অনেক উসকে দেওয়ার চেষ্টা করে, তবে আমাদের শান্ত থাকতে হবে, পরিষ্কারভাবে চিন্তা করতে হবে এবং নিজেদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে।’ তরুণ এই ফুটবলারের এমন বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বে বেশ সাড়া ফেলে দিয়েছে।
অবশ্য তরুণ সতীর্থের এমন আগ্রাসী মন্তব্য ছড়ানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছেন ডেজার্ট ফক্সদের অধিনায়ক আইসা মান্দি। আলবিসেলেস্তেদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, তাই আমরা জানি এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা অনেক বিনয় এবং একই সাথে বড় আমাশা নিয়ে এখানে এসেছি। মাঠে ইতিবাচক ফল পেতে আমরা প্রতি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা বিলিয়ে দেব।’ সেই সাথে বিশ্বকাপ শেষে দেশে ফেরার সময় আলজেরিয়ানরা যেন তাদের নিয়ে গর্ব করতে পারে, সেই আশাবাদও ব্যক্ত করেন অধিনায়ক।
দলের অন্যতম অভিজ্ঞ তারকা রিয়াদ মাহরেজও সুর মেলালেন অধিনায়কের সাথেই। বড় কোনো প্রত্যাশার চাপ মাথায় না নিয়ে পরিবার আর দেশের মানুষকে গর্বিত করার লক্ষ্যেই তারা মাঠে নামবেন বলে জানান মাহরেজ। আগামী ১৬ জুন কানসাসে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেদিনই মাঠের লড়াইয়ে প্রমাণ হবে ইব্রাহিম মাজা তার কথায় অটল থেকে ২০২২ সালের সৌদি আরবের মতো কোনো বড় অঘটন ঘটাতে পারেন, নাকি বিশ্বচ্যাম্পিয়নরা তাদের দাপট বজায় রাখে।
সূত্র: মার্কা

