জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নামাপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লাভলি আক্তার (৫০)। ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্বামী ওয়াহেদ আলী কবিরাজ (৭০)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লাভলি আক্তারের স্বজনরা জানান, লাভলি আক্তারের সঙ্গে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজের প্রায় প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখন ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন।
লাভলি আক্তারের ডাক-চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বউ ও স্থানীয়রা ছুটে আসেন। তারা লাভলি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ৪টার দিকে লাভলি আক্তার মারা যান।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।