সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি কারাগারে এক নারীকে নির্যাতন করা হয়েছে এমন খবর প্রকাশের পর গার্ডিয়ানের তিন সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের প্রেক্ষাপটে এই ঘটনাকে দমনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদক মোহাম্মদ বুলবুল, সাংবাদিক আবদিহাফিদ নুর বার্রে ও আবদিশাকুর মোহাম্মদ মহমুদকে শুক্রবার রাতে মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে আটক করা হয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবিরোধী পুলিশের সদস্যরা পিস্তল দিয়ে তাদের আঘাত করে এবং পরে পুলিশ সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শনিবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, ২৭ বছর বয়সী রিকশাচালক সাদিয়া মোলালিম আলিকে কারাগারে নির্যাতনের খবর প্রকাশের কারণেই এই তিন সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই নারী দাবি করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে কারাগারে তাকে নগ্ন করে মারধর করা হয় এবং খাবার ছাড়া দুই দিন আটকে রাখা হয়েছিল। এই প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
সোমালি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, পুলিশ প্রধান মাহদি ওমর মুমিন সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, বিক্ষোভ ও সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিবেদন বন্ধ না করলে ‘মৃত্যুই একমাত্র পরিণতি’ হতে পারে।
এ ঘটনা এমন সময় ঘটছে, যখন সরকারবিরোধী বিক্ষোভের প্রস্তুতি চলছে এবং প্রেসিডেন্টের মেয়াদ ১৫ মে শেষ হতে যাচ্ছে। এর আগে ৬ মে অন্তত পাঁচজন স্থানীয় সাংবাদিককে আটক করা হয় এবং তাদের সরঞ্জামাদি জব্দ করা হয়। আরও দুই সাংবাদিক এখনো নিখোঁজ বলে জানিয়েছে সংগঠনটি।
বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে সোমালিয়ার অবস্থান ১৮০ দেশের মধ্যে ১২৬তম। মানবাধিকার সংস্থাগুলোর মতে, দেশটি সাংবাদিকদের জন্য আফ্রিকার অন্যতম ঝুঁকিপূর্ণ স্থান।

