ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির যৌথ আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’-এর চেয়ারম্যান আহমেদ তিবি। তিনি জোটের অন্তর্ভুক্ত তাআল পার্টিরও নেতা। খবর আল জাজিরার।
গত মাসের নির্বাচনে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য পায়। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাআম) মিলে পার্লামেন্টে ১৯টি আসন নিশ্চিত করে। নির্বাচনে এই সাফল্যের পর ফিলিস্তিনি নেতৃত্বাধীন দলগুলো পার্লামেন্টে নিজেদের বাড়তি প্রতিনিধিত্ব কাজে লাগিয়ে সম্প্রদায়টির বিরুদ্ধে বৈষম্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় মনোযোগ দিচ্ছে।
একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি রাজনৈতিক মিত্রদের সঙ্গে রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে দলগুলো।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে আসনসংখ্যা বাড়ায় ফিলিস্তিনি নাগরিকদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে দলগুলোর ভূমিকা আরও জোরালো হয়েছে।
সূত্র : আল জাজিরা

