কুয়েতে ১৫ দিন কারাভোগের পর দেশে ফেরার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা নুর ইসলাম সাগর (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ শালধর গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছালে পরিবার ও স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।
নিহত নুর ইসলাম সাগর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের ডা. মো. শাহজাহানের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ২০২৫ সালের আগস্ট মাসে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেখানে যাওয়ার পর থেকেই অবৈধ অবস্থায় ছিলেন। সর্বশেষ গত ২ এপ্রিল দেশটির পুলিশের হাতে আটক হয়ে ১৫ দিন কারাভোগ করেন সাগর। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে একটি ফ্লাইটে তাকে দেশে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় বিমানবন্দরে দায়িত্বরতরা তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ইকবাল হোসেন বলেন, বিদেশ যাওয়ার পর থেকেই অবৈধ অবস্থায় থাকায় সাগর মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রবাসে গিয়ে অল্প দিনের মধ্য দেশে ফেরত আসার বিষয়টি সহজে মানতে পারেননি। এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ।
এদিন বিকেল ৫টার দিকে শালধর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সাগরকে পারিবারিক কবরস্থানে সাগরের দাফন সম্পন্ন হয়েছে।
পরশুরাম মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, পুলিশের মাধ্যমে সাগরের মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়েছিল। পরবর্তী পরিবার মরদেহ গ্রহণ করে এলাকায় এনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করেছেন।

