পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ের মাধ্যমে রাজ্যটিতে রাম রাজত্ব এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আজ সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট গণনা শুরু হয়।
এতে দেখা যাচ্ছে, বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ১৯২টিতে এগিয়ে আছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। ভোট গণনা এখনো পুরোপুরি শেষ না হলেও বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাসংস্থা এএনআইকে সুকান্ত মজুমদার বলেছেন, “ভোট গণনার প্রাথমিক তথ্য দেখাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। এ রাজ্যে রাম রাজত্ব এসেছে।”
ভোট গণনার তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের উল্লাস বাড়ছে। কলকাতার বিজেপি অফিসের সামনে তাদের মিষ্টিমুখ এবং একে-অপরকে রঙ মাখাতে দেখা গেছে।
এদিকে ভোট গণনায় বিশেষ নজরে আছে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর। এ ছাড়া তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারী আসনে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা, উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফলাফলও নজরে রয়েছে
বিজেপির অন্য প্রার্থীদের মধ্যে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, পানিহাটিতে আর জি কর হাসপাতালে খুন হওয়া ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফলে আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের।
এ ছাড়া বাম ও অন্যান্য দলের মধ্যে পরিচিত ‘তারকা’ প্রার্থীরা হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদীপ মিত্র; কংগ্রেসের প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

