ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন।
২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় অনুযায়ী ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে।

