ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অর্পিত দায়িত্ব পালন না করায় রাঙামাটি-২৯৯ আসনের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম আবদুল্লাহ আল মামুন। তিনি বিলাইছড়ি উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত।
রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা রাঙামাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। কিন্তু তিনি কর্তৃপক্ষকে কোনো প্রকার তথ্য না জানিয়েই নির্বাচনের দিন দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।
ইসি জানিয়েছে, কোনো কারণ ছাড়াই দায়িত্ব পালন না করা ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত)’ এর ৫(১) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনটির ৫(৩) ধারা অনুযায়ী তাকে ২ মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী দ্রুত বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হলো বলে কমিশন সূত্রে জানা গেছে।