দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্সফার ট্রান্সপোর্টেশন (স্পন্সর) পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ট্রান্সপোর্টেশন পার্টনার হিসেবে দেখা যাবে গাড়িবুক কোম্পানিকে। এজন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর নভেম্বরের ৫ তারিখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে। পুরো সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে থাকবে গাড়ি বুকের ব্র্যান্ডিং।
মিরপুরে আজ গাড়িবুক ও বিসিবির মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গাড়ি বুক ডটকম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবে। এটার জন্য তারা আমাদের বোর্ডকে ২৫ লক্ষ টাকা দিচ্ছে। তারা ভবিষ্যতেও থাকবে।’
গাড়িবুকের প্রতিনিধি হিসেবে আসা ব্যক্তিও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলে, ‘আমরা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের একটা স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চাই।’

