পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। আর এই ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখতে পারবেন স্কুলের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে।
তবে সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে শিক্ষার্থীদের। নিজ নিজ স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত দর্শক আসনে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।
সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি বিনামূল্যে দেখার সুবিধা পাবে, ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

