গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা দেশের সাত বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেন জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সাত বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার ঘোষণা তিনি বলেন, ‘চলমান কর্মসূচির অংশ হিসেবে ২ মে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ১০ মে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের সেমিনার রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা ও মহানগরীতে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। নতুন কর্মসূচির অংশ হিসেবে ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আমরা আরও দুটি সিদ্ধান্ত নিয়েছি। একটি হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করব। এজন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশে শীর্ষ নেতৃত্ব থাকবেন, আবার লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সমন্বয় করে আমরা জেলাভিত্তিক আরেকটা সফর প্রোগ্রাম রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজোঁ কমিটি গঠন—আন্দোলনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য, মাঠ পর্যায়ে আরও পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি প্রত্যেক জেলায় ও মহানগরী এবং রাজধানীতে থাকা বিভিন্ন পেশাজীবী, সিভিল সোসাইটির প্রতিনিধি, নাগরিক প্রতিনিধির সঙ্গে আমরা মতবিনিময় করবো।’
অক্টোবরের দিকে রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়ার কথা জানিয়ে জোটের মুখপাত্র বলেন, ‘ঢাকামুখী আমরা গণসমাবেশ করব।’

