২০২৬-এর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সব শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দেশের সব বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮.৪০ শতাংশ ও গণিতে ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪.৭ শতাংশ ও গণিতে ৭৭.১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১.২৯ শতাংশ ও গণিতে ৮১.৭৫ শতাংশ, যশোরে ইংরেজিতে ৭১.৮৪ শতাংশ ও গণিতে ৮৩.৩৪ শতাংশ, চট্টগ্রামে ইংরেজিতে ৭২.২৭ শতাংশ ও গণিতে ৮০.০৫ শতাংশ, বরিশালে ইংরেজিতে ৬৯.২৪ শতাংশ ও গণিতে ৭৭.৯৮ শতাংশ, সিলেটে ইংরেজিতে ৬৯.১১ শতাংশ ও গণিতে ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুরে ইংরেজিতে ৭২.৯১ শতাংশ ও গণিতে ৭১.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬.৬৪ শতাংশ ও গণিতে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
অন্যান্য বোর্ডের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯.২১ শতাংশ ও গণিতে ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৯৪.৭৯ শতাংশ ও গণিতে ৭০.৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এদিকে প্রতিবছর এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা খারাপ ফল করলেও এবার অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ পাস করেছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এবার আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে।
আইসিটিতে ৯৮ শতাংশ পাস করেছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে। আইসিটিতে এবার সর্বনিম্ন ফল যশোরে, বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৭.৮৬ শতাংশ।
সারাদেশে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এছাড়া কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশ। গত বছর এই সাধারণ বোর্ডগুলোতে পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ; ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে।

