২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দাবি থেকে সরে আসছে না মরক্কো। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা আবারও বলেছেন, বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি আয়োজনের বৈধ দাবি রয়েছে তাদের।
এর আগে লেকজা বলেছিলেন, বেনসলিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে। তার এই মন্তব্যের পর অবশ্য ফিফা স্পষ্ট করে জানায়, ফাইনালের জন্য এখনো কোনো ভেন্যু নির্বাচন করা হয়নি।
‘জ্যুন আফ্রিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকজা বলেন, ফাইনাল আয়োজনের ক্ষেত্রে মরক্কো নির্ধারিত অফিসিয়াল প্রক্রিয়াই অনুসরণ করছে। তার ভাষায়, স্পেনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে। তবে মরক্কো কখনোই ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত হয়ে গেছে—এমন দাবি করেনি। তারা শুধু নিজেদের মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থেকে নিয়মকানুন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে এগোচ্ছে।
লেকজা আরও বলেন, স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনকে তিন দেশের প্রতিযোগিতা হিসেবে দেখছে না মরক্কো। বরং এই আয়োজনের মাধ্যমে ইউরোপীয় দুই সহ-আয়োজকের সঙ্গে আফ্রিকার প্রতিনিধিত্ব করার সুযোগ হিসেবে দেখছে তারা।
তবে ফাইনালের চূড়ান্ত ভেন্যু নির্ধারণের সময় মরক্কো নিজেদের স্বার্থের পক্ষে দাবি জানিয়ে যাবে বলে স্পষ্ট করেছেন লেকজা। অর্থাৎ, ফাইনাল আয়োজনের দৌড়ে নিজেদের সম্ভাবনা এখনই ছাড়ছে না উত্তর আফ্রিকার দেশটি।

