লন্ডনের রাস্তায় রাস্তায় আতঙ্ক!
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুমে রানার্সআপ হয়েছে আর্সেনাল। ২০২৩ ও ২০২৪ অল্প কিছু পয়েন্টের কারণে হাতছাড়া হয়েছে শিরোপা। চলতি মৌসুমেও তারা ২২ বছরের ট্রফি খরা কাটানোর দৌড়ে এগিয়ে। কিন্তু শেষ মুহূর্তে আবারো পা পিছলে যাওয়ার উপক্রম।
সব প্রতিযোগিতা মিলে ঘরোয়া ফুটবলে শেষ চার ম্যাচই হেরে গেছে আর্সেনাল। মিকেল আর্তেতার অধীনে এমন অবাঞ্ছিত অভিজ্ঞতা হলো প্রথমবার। এর মধ্যে একটি ছিল শিরোপার লড়াই। কারাবাও কাপ ফাইনালে ম্যানসিটির কাছে হার। সেই ম্যানচেস্টার ক্লাব লিগ মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতে আরেকবার ধাক্কা দিলো গানারদের। গতকাল (রোববার) ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে তারা হেরেছে।
কারাবাও কাপ ফাইনালের পর সাউদাম্পটনের কাছে পরাজিত হয়ে এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছিল আর্সেনালকে। তারপর প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে প্রথম ধাক্কা লাগে বোর্নমাউথের কাছে হেরে। ওই ম্যাচের আগে ৯ পয়েন্ট দূরে থাকা ম্যানসিটি জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ব্যবধান এখন তিনে নামাল, তাও এক ম্যাচ কম খেলে।
আর্সেনালের ছন্দপতন বিস্ময়কর। এই মৌসুমে তারা সব প্রতিযোগিতা মিলে ৫৫ ম্যাচ খেলেছে। হেরেছে মাত্র সাতটি। প্রথম ৪৯ ম্যাচে মাত্র ৩ হার দেখা গানাররা গত ছয় ম্যাচে দেখল চতুর্থ পরাজয়। এমন পরিসংখ্যান নিঃসন্দেহে লন্ডন ক্লাবের মনে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। ইতিহাদ স্টেডিয়ামেও এক ব্যানারে ম্যানসিটি ভক্তদের পক্ষ থেকে ছিল এমন বার্তা: লন্ডনের রাস্তায় রাস্তায় আতঙ্ক।
এই আতঙ্কে আতঙ্কিত হয়ে আর্সেনাল আরেকবার ব্যর্থতার গল্প লিখে কি না সেটাই দেখার অপেক্ষা। তাদের সামনে দুটি শিরোপা জয়ের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তারা মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদের। আর ২২ বছরের লিগ শিরোপা খরা কাটাতে হলে একদম হোঁচট খাওয়া যাবে না। সঙ্গে চাইতে হবে ম্যানসিটি যেন ছন্দ হারায়।

