সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।
বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’
তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।
তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমাদের সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে।
বিষয়গুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’।
এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।

