স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও একজন রাজনীতিবিদ। ভারতে তিনি একজন এমপি এবং মন্ত্রী ছিলেন। তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।আমরাও আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আলোচনা করেছি চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চাই। এই নির্বাচনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। কারণ আমরা গণতান্ত্রিক সরকার। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুদেশের মধ্যে টানাপড়েন চলছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি না; এমন প্রশ্নে ভারতীয় হাইকমিশনার বলেন, ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না। বলা উচিতও না। কারণ, দেশের মানুষ যা ভালো বুঝবে, যা দেশের নির্বাচিত সরকার ভালো বুঝবে, সেটিই সত্যি কথা।
তিনি আরও বলেন, আমরা পিপল টু পিপল সম্পর্ক চাই। সাধারণ মানুষের জন্য যা কিছু ভালো সেটা করার দায়িত্ব আমাদের আছে।

