আগামী বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে। হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, যারা বুকিং দেবেন তাদের জন্য ছাড় থাকবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ মেলা ঘোষণা দেন তিনি। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩০ জুলাই এ মেলা শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত।
সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে জানান হাব মহাসচিব।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমনের জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, ছাড় পাবেন। হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাব মহাসচিব।

