১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। এ সময় দ্রুত নিয়োগ নিশ্চিত করতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশবঞ্চিত প্রার্থীরা।
প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধিমালার ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী, শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে ১৭তম শিক্ষক নিবন্ধনসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৮৪২ জন এখনো নিয়োগের সুপারিশ পাননি।
প্রার্থীরা আরও বলেন, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪ দশমিক ১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তাদের নিয়োগের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
তারা আরও জানান, দাবি আদায়ে তারা এরই মধ্যে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত যাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন।
ওই কর্মসূচির সময় এনসিটিবি ভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন।
তারা আরও জানান, সর্বশেষ গত ১১ আগস্ট এক সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষক বদলি কার্যক্রমের পর ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর বিষয়টি বিবেচনার কথা তুলে ধরেন। তবে এনটিআরসিএ তাদের জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আদেশ না পাওয়ায় নিয়োগের বিষয়ে কোনো কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা তিন দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—
১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও নিয়োগের সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।
২. সুপারিশবঞ্চিত প্রার্থীদের জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করতে হবে।
৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে নিয়োগের আওতায় আনতে হবে।

