বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, মৌলিক ক্রিকেট জ্ঞান না থাকলে কাউকে জেলা বা বিভাগীয় পর্যায়ের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে না। কোচ নিয়োগে কোনো ধরনের সুপারিশও গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
বুধবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা ও বিভাগীয় কোচ নিয়োগ পরীক্ষায় ১৭০ জন অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৮ জন। তার মতে, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল, তাই এবার পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করা হচ্ছে।
তামিম বলেন, আগের বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণির ক্রিকেটার বা লেভেল-ওয়ান কোচদের আবেদন করার কথা থাকলেও পরে সেই শর্ত শিথিল করা হয়েছিল, যা ছিল ভুল সিদ্ধান্ত। নতুন নিয়োগে লিখিত, ব্যবহারিক ও মৌখিক—তিন ধাপের মূল্যায়নের মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হবে।
পরীক্ষার খাতা দেখে হতাশার কথাও তুলে ধরেন বিসিবি সভাপতি। তিনি বলেন, একটি প্রশ্ন ছিল—‘ওয়াইড বলে কীভাবে আউট হওয়া যায়?’ সেখানে কেউ উত্তর দিয়েছেন ‘বোল্ড’ ও ‘এলবিডব্লিউ’। আবার অফসাইডের পাঁচটি পজিশনের নাম লিখতে গিয়ে কেউ ‘মিড উইকেট’ লিখেছেন। এসব দেখে তিনি মন্তব্য করেন, “যারা ‘ওয়াইড বলে বোল্ড হয়’ লেখে, তাদের কোচিংয়ে না আসাই ভালো।”
তামিম আরও জানান, কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি, বোর্ড কর্মকর্তা বা প্রভাবশালী মহলের সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি বলেন, ‘কেউ লিখিত, ব্যবহারিক বা ভাইভায় উত্তীর্ণ না হলে শুধু সুপারিশের ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হবে না। দেশের ক্রিকেটের ভবিষ্যতের সঙ্গে কোনো আপস করা হবে না।’

