একই ছাদের নিচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থক। বাবা আর্জেন্টিনার, মা ব্রাজিলের। তবে মাত্র ১৮ মাস বয়সী ছেলের ফুটবল পরিচয় ঠিক হয়ে গেছে জন্মের আগেই, সে আর্জেন্টিনার সমর্থক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে খেলা দেখতে আসা এমনই এক ফুটবলপ্রেমী পরিবারের দেখা মিলেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে ছেলেকে কোলে নিয়ে খেলা দেখতে আসেন শুভ। পাশে ছিলেন ব্রাজিলের সমর্থক স্ত্রী তন্নী। দুই দলের সমর্থক হলেও ফুটবল নিয়ে তাদের উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না।
সোমবার (২২ জুন) রাতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া খেলা উপলক্ষ্যে এই চিত্র দেখা যায়।
শুভ জানান, ২০০৬ সাল থেকে তিনি আর্জেন্টিনার সমর্থক। মূলত লিওনেল মেসির খেলা দেখেই তার এই ভালোবাসার শুরু।
তিনি বলেন, আমি শুধু মেসিকে ভালো লাগার কারণেই আর্জেন্টিনার সমর্থক হয়েছি। মেসি, মার্টিনেজ ও আলভারেজের খেলা আমার খুব পছন্দ। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই চাই এবারের ট্রফিটাও মেসির হাতেই উঠুক।
খেলার ফল নিয়েও বেশ আত্মবিশ্বাসী শুভ। তার প্রত্যাশা, প্রিয় দল ৩-০ গোলের ব্যবধানে জয় পাবে।
তবে পরিবারের অন্য প্রান্তে রয়েছে ভিন্ন গল্প। শুভর স্ত্রী তন্নী ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। স্বামীর সঙ্গে দলের মিল না থাকলেও ফুটবল নিয়ে তাদের আনন্দে কোনো ঘাটতি নেই।
তন্নী বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন আমার আশপাশের কাজিনরা সবাই ব্রাজিল সমর্থন করত। তাদের দেখেই ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে আমি ব্রাজিলের সমর্থক।
মজার বিষয় হলো, ছেলে জন্ম নেওয়ার আগেই তার ফুটবল পরিচয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই দম্পতি।
হেসে হেসে তন্নী বলেন, আমাদের ছেলের জন্মের আগেই ঠিক করেছিলাম, ও আর্জেন্টিনার সমর্থক হবে। এখন ও বাবার সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে আসে। তবে আমার ইচ্ছা- আর্জেন্টিনার খেলার দিন ও আর্জেন্টিনার জার্সি পরুক এবং ব্রাজিলের খেলার দিন সে ব্রাজিলের জার্সি পরুক। এরপর ও বড় হলে নিজে সিদ্ধান্ত নেবে কোন দল সাপোর্ট করবে।
টিএসসিতে খেলা দেখতে আসা দর্শকদের কাছেও পরিবারটি ছিল বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাবা-ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি, আর মায়ের হৃদয়ে ব্রাজিল, এমন দৃশ্য অনেকেই কৌতূহল নিয়ে দেখেছেন।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থক হলেও এই পরিবার মনে করে, ফুটবল বিভাজনের নয়, বরং ভালোবাসা ও আনন্দের একটি উপলক্ষ। আর সেই ভালোবাসার কারণেই একই পরিবারের তিন সদস্য তিন রকম আবেগ নিয়ে মাঠের বাইরের এই উৎসবে শামিল হয়েছেন। ফুটবলের রঙে রাঙানো এই পরিবার যেন মনে করিয়ে দেয়- সমর্থন ভিন্ন হতে পারে, কিন্তু খেলার প্রতি ভালোবাসাই শেষ পর্যন্ত সবাইকে এক সুতোয় গেঁথে রাখে।
অন্যদিকে কামরাঙ্গীরচর থেকে ছেলেকে নিয়ে স্ত্রীসহ টিএসসিতে এসেছেন মো. মাহাবুবুর রহমান। বাবার পাশাপাশি ছেলে আয়াস আব্দুল্লাহ মুনতাসিরও আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনা সবসময় মেসির কারণে জয়ী হয়, এই জন্যই তাদের আর্জেন্টিনা দল ভালো লাগে।
মাহবুবুর রহমান জানান, খেলা বোঝার পর থেকেই তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। তিনি বলেন, আর্জেন্টিনা ভালো লাগে। আগে ম্যারাডোনার খেলা দেখতাম। ম্যারাডোনা এখন খেলছেন না, তবে এই যুগের ম্যারাডোনা হলেন মেসি; তাই আর্জেন্টিনা সাপোর্ট করি। আর এমনিতেও সারা বিশ্বের অনেক মানুষ আর্জেন্টিনা সাপোর্ট না করলেও মেসির খেলা সবাই পছন্দ করে। আমার সন্তান এবং আমার স্ত্রীও আর্জেন্টিনার সাপোর্ট করে।

