জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম ধাপের আট দলের খেলা।
আজ বুধবার ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস ব্যাপী।
আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।
জাতীয় লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দল পাবে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জিতবে জাতীয় লিগের ট্রফি।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ছাড়াও রাজশাগী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে জাতীয় লিগের এবারের আসরের খেলা।

