গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সকলেই ঢাকা বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯ জন।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৩৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৫ হাজার ৭৬০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১১ জন ও আক্রান্ত ৫১ হাজার ৭৭১ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

